হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে ‘জাগরণের ঘণ্টাধ্বনি: ইরান থেকে ফিলিস্তিন’ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তব্য দেন বাকায়ি।
তিনি বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ প্রণয়নের সময় যেসব মৌলিক নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। কিন্তু ১৯৪০-এর দশক থেকে আজ পর্যন্ত এসব নীতির পক্ষে ও বিপক্ষে পরস্পরবিরোধী অবস্থান দেখা গেছে। ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে পশ্চিমাদের অবস্থান তাদের এই দ্বিচারিতারই প্রমাণ।
বাকায়ি বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থান মানবিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা এবং গণহত্যাকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে বিশ্বে কোনো নীতিমালাই টেকসই থাকবে না।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রগুলোর।
ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বাকায়ি বলেন, গাজায় গণহত্যা চলছে। পশ্চিম তীরেও গাজার মতো পরিস্থিতি বিরাজ করছে, যদিও সেখানকার খবর সংবাদমাধ্যমে সেন্সর করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠায় ভূমিকা রাখলেও ন্যায়বিচার কার্যকরের পথে বাধা সৃষ্টি করছে।
আপনার কমেন্ট